ডেস্ক নিউজ ||
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২৪ জুন,২০২৬) সন্ধ্যায় সংঘটিত এ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) সতর্ক করে বলেছে, এতে হাজার থেকে লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। এর কেন্দ্রস্থল ছিল ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে, রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে। প্রথম কম্পনের মাত্র ৩৯ সেকেন্ড পর একই অঞ্চলে ৭.৫ মাত্রার আরও শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের তীব্রতায় রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়েছে, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। ইউএসজিএসের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, দ্বিতীয় ও বড় ভূমিকম্পটির কারণে ব্যাপক প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ১০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা উল্লেখযোগ্য এবং ১ লাখেরও বেশি মানুষের প্রাণহানির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, আফটারশকের ঝুঁকি থাকায় ক্ষতিগ্রস্ত ভবন থেকে দূরে থাকতে এবং নিরাপদ স্থানে অবস্থান করতে জনগণকে নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির সরকার জরুরি অবস্থা জারি করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক সংস্থাগুলোও।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত