ক্রীড়া ডেস্ক ||
বুধবার রাতে বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় দিবাগত রাত ৪টায় ম্যাচটি মাঠে গড়াবে। তবে ঠিক সেই সময় মিয়ামিতে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস রয়েছে।স্টেডিয়ামের আট মাইলের মধ্যে বজ্রপাত হলে ম্যাচ সাময়িকভাবে স্থগিত করার নিয়ম রয়েছে। শেষ বজ্রপাতের পর অন্তত ১৫ মিনিট না পেরোনো পর্যন্ত খেলা পুনরায় শুরু করা যায় না। ফলে ম্যাচে দীর্ঘ সময় বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে।এর আগে সোমবার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ফ্রান্স ও ইরাকের ম্যাচটি তীব্র বজ্রঝড়ের কারণে দুই ঘণ্টার জন্য বন্ধ রাখতে হয়েছিল। বিরতির সময় দর্শকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয় এবং খেলোয়াড়দের ড্রেসিংরুমে ফিরে যেতে হয়। দীর্ঘ বিরতির কারণে উভয় দলের ফুটবলারদের ম্যাচে ফিরতে কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল।স্কটল্যান্ডের প্রধান কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, আবহাওয়ার কারণে ম্যাচে বিলম্ব হলে তা মোকাবিলার জন্য তাদের প্রস্তুতি রয়েছে।মঙ্গলবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত রাতের ফ্রান্সের ম্যাচে আবহাওয়ার কারণে বিলম্ব হয়েছে। টুর্নামেন্টে এটাই প্রথম এমন ঘটনা। এখন পর্যন্ত আমরা হয়তো আবহাওয়ার দিক থেকে কিছুটা ভাগ্যবান ছিলাম।’তিনি আরও বলেন, ‘আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির কারণে খেলা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এমন পরিস্থিতি মোকাবিলার জন্য একটি পরিকল্পনা তৈরি করে রেখেছি। তবে বিলম্ব কতক্ষণ স্থায়ী হবে, তা আগে থেকে বলা সম্ভব নয়।’ক্লার্ক যোগ করেন, ‘শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করতে হয়। তাই বিলম্ব দীর্ঘও হতে পারে। যদি খেলা স্থগিত হয়, তাহলে আশা করি সেটি খুব বেশি সময়ের জন্য হবে না। আমরা জানি, এমন পরিস্থিতিতে কী করতে হবে।’নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে স্কটল্যান্ডের জন্য এই ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট অর্জন করা জরুরি। তবে হারলেও তাদের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যাবে না, কারণ সেরা তিন দল পরবর্তী রাউন্ডে উঠবে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত