মোঃ আক্তার হোসেন , উপজেলা প্রতিনিধি ||
চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের মেঘনার চরাঞ্চলে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) স্থাপনের লক্ষ্যে প্রাথমিক পরিদর্শন সম্পন্ন হয়েছে।গতকাল মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) সালেহ আহমদ ‘চররাও’ ও ‘ঈশালবালা’ মৌজা সরেজমিনে পরিদর্শন করেন।প্রস্তাবিত এলাকার ভৌগোলিক অবস্থান ও অবকাঠামোগত সুবিধা যাচাইয়ের উদ্দেশ্যে আয়োজিত এই পরিদর্শনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং বেজার উচ্চপদস্থ প্রতিনিধি দল।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই দুই মৌজায় বিপুল পরিমাণ খাস জমি রয়েছে, যা আধুনিক ও পরিবেশবান্ধব অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য অত্যন্ত সম্ভাবনাময়। নদীবেষ্টিত এই অঞ্চলে শিল্পাঞ্চল গড়ে উঠলে নৌ-যোগাযোগের সুবিধার পাশাপাশি স্থানীয় বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।পরিদর্শন শেষে বেজার নির্বাহী সদস্য ও জেলা প্রশাসক সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা জানান, প্রাথমিক পরিদর্শনের পর কারিগরি ও পরিবেশগত দিকগুলো আরও পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।স্থানীয়দের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের শিল্পায়ন ও জিডিপি প্রবৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত