ডেস্ক নিউজ ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর আলোচনায় আসা টাঙ্গাইলের ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।কবির হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে কৃষক কার্ড গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। তার সরলতা, সহজ-সরল জীবনযাপন এবং কৃষকজীবনের সংগ্রামের গল্প সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া তার ছবি ও ভিডিও তাকে দেশের মানুষের কাছে পরিচিত মুখে পরিণত করে।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন। তবে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।তার মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের সাধারণ মানুষ তাকে একজন পরিশ্রমী, সাদাসিধে ও কর্মঠ মানুষ হিসেবে স্মরণ করছেন।কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।কৃষক কার্ড গ্রহণের মাধ্যমে আলোচনায় আসা কবির হোসেনের আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক প্রকাশ করছেন অনেকে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত