অনিরুদ্ধ সাজ্জাদ, ক্যাম্পাস প্রতিনিধি ||
এশিয়ার অন্যতম বৃহৎ চলচ্চিত্র আয়োজন সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট কম্পিটিশন বিভাগে ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট (সাঁকোটা দুলছে)’ চলচ্চিত্রে চিত্রগ্রহণের জন্য ‘বেস্ট সিনেমাটোগ্রাফি’ পুরস্কার পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী সামিউল করিম সুপ্তক।গত শনিবার (২০ জুন) রাতে পুরস্কারটি ঘোষণা করা হয়। ‘সাঁকোটা দুলছে’ শিরোনামের সাদাকালো চলচ্চিত্রটির জন্য এ স্বীকৃতি পান তিনি। উৎসবে চিত্রগ্রাহকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ।গত ১২ থেকে ২১ জুন পর্যন্ত চীনের সাংহাই শহরে অনুষ্ঠিত হয় সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট কম্পিটিশন বিভাগে স্থান করে নেয় চলচ্চিত্রটি।চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। প্রযোজনা করেছেন একই বিভাগের সহকারী অধ্যাপক ও অভিনেতা মনোজ কুমার প্রামাণিক। এটি বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান ম্যানপাচিত্রা এবং জার্মানির মোগাদর ফিল্মের যৌথ উদ্যোগে নির্মিত বাংলাদেশ-জার্মানি কো-প্রোডাকশন।
গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘সাঁকোটা দুলছে’। চলচ্চিত্রটিতে কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা ও সামাজিক নিপীড়নের বেড়াজাল থেকে মুক্তির স্বপ্ন দেখা নারীদের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ সাদা-কালোতে নির্মিত এ চলচ্চিত্রে নারীর জীবন, বিশ্বাস, সামাজিক নিয়ন্ত্রণ ও ব্যক্তিস্বাধীনতার প্রশ্নকে গ্রামীণ বাংলাদেশের বাস্তবতার প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত