মোঃ আক্তার হোসেন , উপজেলা প্রতিনিধি ||
চাঁদপুরের হাইমচরে কৃষি উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় ‘চরপোড়ামুখী খাল’ পুনঃখনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৩ মে) দুপুরে উপজেলার দক্ষিণ চরভাঙ্গা দেওয়ান বাড়ি হতে রহিম মাস্টারের বাড়ি পর্যন্ত এই খনন কাজের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘হাইমচরের ১৩টি খালের মধ্যে ১২টি পানি উন্নয়ন বোর্ডের এবং ১টি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধীনে। চলতি বর্ষা মৌসুম শেষেই আগামী বছরের মধ্যে সবকটি খাল খনন সম্পন্ন করা হবে।’তিনি আরও বলেন, এই উদ্যোগের ফলে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন, যা জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে। পরিবেশ রক্ষায় খালের দুই পাশে ব্যাপক হারে বৃক্ষরোপণ করা হবে এবং খালের অতিরিক্ত মাটি দিয়ে আগে রাস্তার সংস্কার কাজ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে এমপি মানিক তাকে মাটি ও মানুষের নেতা হিসেবে অভিহিত করেন।হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা পাপ্পু।অনুষ্ঠানে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লা সেলিম, উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী সহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত