মোশারফ হোসেন , স্টাফ রিপোর্টার ||
কুমিল্লার চৌদ্দগ্রামে আলোচিত রাজমিস্ত্রী বশির উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি আবু তাহের (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সন্ধ্যায় পৌরসভার রামরায়গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল কালামের নেতৃত্বে পরিচালিত অভিযানে আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়। তিনি রামরায়গ্রামের মৃত বারাক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে।মামলার সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল রাতে পৌর এলাকার বৈদ্দেরখিল গ্রামে মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন বশির উদ্দিন ও আবু রশিদ। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ২৭ এপ্রিল দিবাগত রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান বশির উদ্দিন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা আবু রশিদের দুটি বাড়িতে অগ্নিসংযোগ করলে দুটি বসতঘর পুড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের ওপরও হামলার ঘটনা ঘটে, এতে অন্তত ছয় পুলিশ সদস্য আহত হন।এ ঘটনায় নিহত বশিরের স্ত্রী বাদী হয়ে আবু তাহেরসহ পাঁচজনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন।
ওসি আরিফ হোছাইন আরও জানান, গ্রেপ্তারকৃত আবু তাহেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত