অনিরুদ্ধ সাজ্জাদ, ক্যাম্পাস প্রতিনিধি ||
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৬’-এ মর্যাদাপূর্ণ ‘শিল্পী এস এম সুলতান পুরস্কার’ অর্জন করেছেন ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অরিন সাহা। রোববার (৩ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা তাদের মেধা ও মনন দিয়ে বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ফুটিয়ে তুলছে। অরিন সাহার মতো তরুণ শিল্পীদের এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের। আমরা বিশ্বাস করি, এখান থেকেই আগামীর এস এম সুলতান বা জয়নুল আবেদীনরা তৈরি হবে, যারা বিশ্বমঞ্চে বাংলাদেশের সুনাম বয়ে আনবে। শিল্পাচার্যদের নামে প্রবর্তিত এই পুরস্কারগুলো নতুন প্রজন্মকে সৃজনশীল কাজে আরও অনুপ্রাণিত করবে।’পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত অরিন সাহা বলেন, ‘শিল্পী এস এম সুলতান আমার কাছে অনুপ্রেরণার নাম। তাঁর নামে প্রবর্তিত এই সম্মাননা পাওয়া আমার জন্য গর্বের। চারুকলা অনুষদ ও ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী হিসেবে ক্যানভাসে মানুষের জীবন আর প্রকৃতিকে তুলে ধরার যে চেষ্টা আমি করি, এই পুরস্কার সেই যাত্রায় আমাকে আরো অনুপ্রেরণা জোগাবে।’উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী এই বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে ড্রইং অ্যান্ড পেইন্টিং, গ্রাফিক ডিজাইন ও প্রিন্টমেকিং—এই তিনটি শাখায় মোট ১৬ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। প্রদর্শনীতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সৃজনশীল কাজগুলো দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত