তাসকিন আহমেদ রিয়াদ , সম্পাদক ||
ঢাকাসহ দেশের ১৭টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।শুক্রবার (১ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।সতর্কবার্তায় বলা হয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে জানানো হয়েছে, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি এমনকি অতি ভারি বর্ষণও হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই ঝড়-বৃষ্টির পরিস্থিতি দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত