ডেস্ক নিউজ ||
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে উদ্দেশ করে ‘টেনশন না করতে’ বলার ঘটনায় দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের নিরাপত্তা দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বুধবার (২৯ এপ্রিল) ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।চিঠিতে বলা হয়, ডিএমপি থেকে প্রেষণে ট্রাইব্যুনালে কর্মরত কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারের কাছে অনুরোধ জানানো হয়েছে।ট্রাইব্যুনালের তথ্যমতে, মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ইনুকে এজলাস থেকে হাজতখানায় নেওয়া-আনার সময় ওই দুই পুলিশ সদস্য তার সঙ্গে অনানুষ্ঠানিক ও শৃঙ্খলাবহির্ভূত কথোপকথনে জড়ান। ঘটনাটির ভিডিও ফুটেজে তাদের আচরণ দৃশ্যমান হওয়ায় বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নেয়া হয়েছে।এতে আরও উল্লেখ করা হয়, এমন আচরণ ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং বিচারিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করার ঝুঁকি তৈরি করে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ট্রাইব্যুনাল-২ এর এজলাস থেকে ইনুকে হাজতখানায় নেওয়ার সময় তিনি পুলিশের সঙ্গে কথা বলেন। এ সময় দুই সদস্যকে বলতে শোনা যায়, ‘টেনশন কইরেন না, আমরা আছি তো স্যার।’উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আটটি অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্তমানে বিচারাধীন রয়েছেন হাসানুল হক ইনু। বুধবার টানা ষষ্ঠ দিনের মতো তার পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।
মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামী ৪ মে তারিখ নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত