প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
জাল টাকাসহ আটক ১, ল্যাপটপ ও প্রিন্টার জব্দ
ওসমান গনি , চান্দিনা প্রতিনিধি ||
কুমিল্লার চান্দিনায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ হাজার ৬০০ টাকার জাল নোটসহ মো. আরিফুল ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ ও প্রিন্টার জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানা পুলিশের একটি চৌকস দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলাশ্বর এলাকায় (পালকী সিনেমা হলের সামনে) অবস্থান নেয়। সেখানে জাল টাকা কেনাবেচার সময় হাতেনাতে আরিফুলকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা বিভিন্ন মানের মোট ১৩ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।আটক আরিফুল ইসলাম কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া (বেত বাড়ি) এলাকার বাসিন্দা।প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল ৩টার দিকে মুরাদনগরের বাবুটিপাড়ায় তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার শয়নকক্ষ থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও একটি প্রিন্টার উদ্ধার করা হয়।এ বিষয়ে চান্দিনা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আরিফুল দীর্ঘদিন ধরেই জাল টাকা তৈরি এবং তা বাজারে ছড়িয়ে দেওয়ার চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত