মামুন রাফী , স্টাফ রিপোর্টার ||
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দ্বীপ উপজেলা হাতিয়া। জাতীয় সংসদে ধর্ষণ নিয়ে 'মিথ্যা ও ভিত্তিহীন' বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে হাতিয়া উপজেলার ২নং চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। চানন্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রকল্প বাজার ও ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পের কয়েক শ’ সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।বিক্ষোভকারীদের দাবি, সম্প্রতি জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ হাতিয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং একটি নির্দিষ্ট ধর্ষণ মামলা নিয়ে যে তথ্য প্রদান করেছেন, তা সম্পূর্ণ বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আন্দোলনকারীরা অভিযোগ করেন, এমপি মাসুদ একটি কাল্পনিক 'ধর্ষণের নাটক' সাজিয়ে সংসদে উপস্থাপন করেছেন, যা পুরো হাতিয়াবাসীর জন্য চরম মানহানিকর এবং বিব্রতকর। মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সংসদ সদস্য হান্নান মাসুদ জাতীয় সংসদে দাঁড়িয়ে যে মিথ্যা তথ্য দিয়েছেন, তাতে পুরো হাতিয়ার ভাবমূর্তি বহির্বিশ্বে ক্ষুণ্ণ হয়েছে। তিনি ধর্ষণের মতো একটি স্পর্শকাতর ও সামাজিক বিষয় নিয়ে নোংরা অপরাজনীতি করছেন। বক্তারা এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে সেই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এই মিথ্যাচারের সুষ্ঠু তদন্ত না হয় এবং আগামীতে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য দেওয়া বন্ধ না হয়, তবে হাতিয়ার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা প্রকল্প বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালীন নেতা-কর্মীরা সংসদ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তার দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত