কে এম সালাহউদ্দিন , জেলা প্রতিনিধি, চাঁদপুর ||
চাঁদপুরের হাজীগঞ্জ নানার বাড়ির বাথরুমের বালতির পানিতে ডুবে আবরাহাম (১) নামের শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকালে হাজীগঞ্জ পৌর এলাকার ৯নম্বর ওয়ার্ড আলীগঞ্জ-কংগাইশ গ্রামের বড় হাজী বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার দুই দিন আগে শিশুটি তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসেছিলো। আবরাহাম একই উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের কালচোঁ গ্রামের পাটওয়ারী বাড়ির মো. সাইফুল ইসলামের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদুল ফিতর উপলক্ষে দুই দিন আগে মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে আবরাহাম। দুপুরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। এ সময় নানার বসতঘরের ভিতরের বাথরুমে থাকা বালতির পানিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখতে পেয়ে শিশুটির মা ডাক-চিৎকার শুরু করেন। তাৎক্ষনিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত শিশুর পরিবারের ধারণা বসতঘরের বাথরুমের বালতির পানিতে শিশুটি খেলতে গিয়ে কোনভাবে উপুড় হয়ে বালটিতে আটকে যায়। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা গিয়েছে। যে সব ঘরে সাঁতার না জানা শিশু থাকে, সেসব পরিবার যেন বাথরুমে কোনভাবে পানি জমিয়ে না রাখা হয় বলে পরামর্শ দেন এই চিকিৎসক।হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) আবু আহম্মেদ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত