তানজিদ শুভ্র, ক্যাম্পাস প্রতিনিধি ||
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাহিত্য ও সৃজনশীল চর্চায় তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে পাণ্ডুলিপি প্রকাশের উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু)। রাকসুর বিতর্ক ও সাহিত্যবিষয়ক বিভাগের সম্পূর্ণ পৃষ্ঠপোষকতায় ‘রাকসু পাণ্ডুলিপি পুরস্কার’-এর অধীনে তরুণ লেখকদের বই প্রকাশ করা হচ্ছে। সম্প্রতি এই উদ্যোগের জন্য মনোনীত পাণ্ডুলিপি এবং নির্বাচিত লেখকদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।রাকসুর অর্থায়নে প্রকাশের জন্য নির্বাচিত পাণ্ডুলিপিগুলোর মধ্যে রয়েছে মাহাইর ইসলামের স্মৃতিকথা ‘যে রক্ত আগুন জ্বালিয়েছে’, গোপাল রায়ের শিশু-কিশোর গল্পের বই ‘পুলু মামা দ্য গ্রেট’ এবং ইবনে সুফিয়ার লেখা ‘গিলোটিনে শিরশ্ছেদ’ (আংশিক)। এর পাশাপাশি প্রকাশ করা হচ্ছে একাধিক তরুণ কবির কবিতা নিয়ে একটি যৌথ কাব্যগ্রন্থ ‘বিদ্রোহী রোদে ভেজা ঘাস’।যৌথ এই কাব্যগ্রন্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের কবিতা স্থান পেয়েছে। মনোনীত তরুণ কবিরা হলেন মুনিয়া ইসরাত ইরা, মতিউর রহমান মিজান, শরীফা সরকার, আলী হাসান, আবিদা সুলতানা, আমিনুর রহমান, আবু তাহের, সবুজ আহমেদ, মাহামুদুল হাসান, আফসানা আক্তার শিফা, উজ্জ্বল বাবু তঞ্চঙ্গ্যা, নূর এ ইয়াসমিন, মো. ইমন হাসান, নিশাত রহমান, মো. সুমন ইসলাম, অরণ্য মণ্ডল জিতু এবং মুহাম্মদ জাহাঙ্গীর ইসলাম।তবে রাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, উপন্যাস ও প্রবন্ধ ক্যাটাগরিতে এবার প্রকাশের মতো মানসম্মত কোনো পাণ্ডুলিপি পাওয়া যায়নি।পুরো আয়োজনটি নিয়ে রাকসুর সংশ্লিষ্ট সম্পাদক ইমরান লস্কর জানান, তারা তরুণ লেখকদের উৎসাহ দিতে চান, যাতে এই তরুণেরাই ভবিষ্যতে দেশ ও জাতিকে নতুন পথের দিশা দেখাতে পারে। কাজের মাধ্যমে নিজেদের জবাবদিহিতা নিশ্চিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো রাকসুর বর্তমান মেয়াদেই বাস্তবায়ন করা হবে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত