ডেস্ক নিউজ ||
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, নারীদের রাষ্ট্র ও সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত না করলে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জন করা সম্ভব নয়। নারীর অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং তরুণ প্রজন্মকে সমতার মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে।রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া যে যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন, তা উল্লেখ করে মো. সাহাবুদ্দিন বলেন, বর্তমান সরকারও স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষার পরিকল্পনা গ্রহণ করেছে। নারীকে রাষ্ট্র ও সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন রেখে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। তাই তরুণ প্রজন্মকে সমতার মূল্যবোধে উদ্বুদ্ধ হতে হবে।রাষ্ট্রপতি আরও বলেন, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ডের কর্মসূচি নিয়েছে। পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।একদিন সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের আলোচনা সভায় অদম্য নারী পুরস্কার লাভ করেন আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর অদম্য নারী পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। একইসঙ্গে ৮ বিভাগে ৩৯ জন নারীর মধ্যে ৫ জনকে পুরস্কৃত করা হয়। বেগম খালেদা জিয়ার দৃঢ়তায় নারী শক্তি ও নেতৃত্বের সাহসের কথা উল্লেখ করে নারী দিবসে সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের প্রতিশ্রুতি দেন ডা. জুবাইদা রহমান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়া নারী শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন এনেছেন, যার ধারাবাহিকতায় তারেক রহমান কাজ করে যাচ্ছেন। মন্ত্রী আরও বলেন, এই সরকারের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক দর্শন রয়েছে।নারী দিবসের আলোচনা ও অদম্য নারী পুরস্কার অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার সহস্রাধিক নারী অংশ নেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত