ডেস্ক নিউজ ||
ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় নিয়ে আলোচনা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার নাম উল্লেখ করেননি। বরং তিনি সময়ের অন্যতম সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পাশাপাশি ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেরও প্রশংসা করেছেন।সম্প্রতি মেসি ও তার ক্লাবের সদস্যরা হোয়াইট হাউস সফরে গেলে ট্রাম্প আর্জেন্টাইন সুপারস্টারকে অভিনন্দন জানান। সেখানে মেসির সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, “লিও, তুমি এসেছ এবং জিতেছো- এটা খুব কঠিন কাজ। অনেকেই জয়ের প্রত্যাশা করে, কিন্তু বাস্তবে খুব কম মানুষই তা করতে পারে।”মেসির সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প আরও বলেন, তার ছেলে ফুটবলের বড় ভক্ত এবং বিশেষ করে মেসি ও রোনালদোকে খুব পছন্দ করে। রোনালদোকে তিনি “অসাধারণ খেলোয়াড়” বলে উল্লেখ করেন এবং বলেন, দুজনই নিজেদের খেলায় দুর্দান্ত চ্যাম্পিয়ন।রোনালদোর প্রশংসা করার জন্য ট্রাম্প এর আগেও মন্তব্য করেছেন। গত ফেব্রুয়ারিতে তিনি পর্তুগিজ তারকাকে সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন বলে উল্লেখ করেন। অন্যদিকে, ২০২৫ সালে এক সাক্ষাৎকারে ব্রাজিলের কিংবদন্তি পেলে সম্পর্কে স্মৃতিচারণ করেন তিনি। ট্রাম্প জানান, তরুণ বয়সে নিউইয়র্কে পেলের খেলা দেখতে গিয়েছিলেন, যখন পেলে নিউইয়র্ক কসমোসের হয়ে খেলতেন। সেই সময় স্টেডিয়ামে দর্শকদের সামনে পেলের খেলা তাকে গভীরভাবে মুগ্ধ করেছিল।তবে এত আলোচনা সত্ত্বেও ট্রাম্পের মুখে ম্যারাডোনার নাম কোথাও আসেনি। ফুটবল ইতিহাসে মেসি, রোনালদো ও পেলের পাশাপাশি ম্যারাডোনা সর্বকালের সেরা খেলোয়াড়দের বিতর্কে নিয়মিতভাবে আলোচিত হন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত