ডেস্ক নিউজ ||
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে অবস্থানরত বাংলাদেশিদের বর্তমান অবস্থা, দূতাবাসগুলোর প্রস্তুতি এবং সম্ভাব্য জরুরি সহায়তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও বৈঠকে উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, ইরানকে কেন্দ্র করে আঞ্চলিক পরিস্থিতির প্রভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে ফ্লাইট বাতিল ও ভ্রমণসূচিতে পরিবর্তন এসেছে। এতে বাংলাদেশি যাত্রীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।তিনি আরও জানান, হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের সার্বিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী পরিস্থিতি তদারক করছেন। পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ও সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে।সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছে দিনের নির্ধারিত কর্মসূচি শুরু করেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু তার সঙ্গে সাক্ষাৎ করেন। সাম্প্রতিক ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।অতিরিক্ত প্রেস সচিব জানান, ভূমিকম্পসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার করতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকাসহ ঝুঁকিপূর্ণ এলাকায় স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংশ্লিষ্টরা জানান, প্রবাসীদের নিরাপত্তা, বিমানবন্দর ব্যবস্থাপনা এবং দুর্যোগ প্রস্তুতি, এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সরকার সমন্বিতভাবে কাজ করছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত