প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানকে মোকাবিলায় ‘সুইসাইড স্কোয়াড’ গঠন করছে আফগানিস্তান
ডেস্ক নিউজ ||
পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে আফগানিস্তানের সেনাবাহিনী। সেসবের মধ্যে একটি হলো ‘সুইসাইড স্কোয়াড’।আফগানিস্তানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বখতার নিউজ এজেন্সি আজ শুক্রবার একটি সেনা ব্যাটালিয়নের ছবি প্রকাশ করেছে। আফগান সামরিক সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, “এটি আফগান সেনাবাহিনীর সুইসাইড স্কোয়াড। এই স্কোয়াডের সদস্যরা এক্সপ্লোসিভ ভেস্ট এবং গাড়ি বোমায় সজ্জিত এবং শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য প্রস্তুত।”গতকাল বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পাক-আফগান সীমান্তবর্তী ডুরান্ড লাইন এলাকায় পাক সেনাচৌকিগুলো লক্ষ্য করে আফগানিস্তানের সেনাবাহিনী অতর্কিত হামলা চালায়, যার ফলে অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়। এ সময় আরও কয়েকজন সেনাকে ধরে নিয়ে যাওয়া হয়। রাত ১২ টার দিকে আফগান বাহিনী আফগানিস্তানে ফিরে যায়।অতর্কিত এই হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান এবং রাত ৩ টা ৪৫ মিনিটে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে। পাকিস্তানের এ অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ১৩৩ জন আফগান সেনা এবং আহত হয়েছেন আরও দুই শতাধিক।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত