প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬
বিতর্কিত বক্তব্যের জেরে বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী বহিষ্কার
ডেস্ক নিউজ ||
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতি, আদর্শ ও সংগঠনের পরিপন্থী বক্তব্য এবং কর্মকাণ্ডের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপি।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঞ্জুরুল আহসান মুন্সীকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তার সাম্প্রতিক বক্তব্য দলীয় শৃঙ্খলা ও নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়। সেখানে মঞ্জুরুল আহসান মুন্সীকে দলীয় প্রার্থীর পক্ষে ভোট না দিলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে অংশ নিতে চাইলেও ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল হয়েছিল। তিনি ওই আসনের সাবেক সংসদ সদস্য।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত