এ কে এম মিজানুর রহমান, উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রর্থী হাসনাত আব্দুল্লাহ বিএনপির ভেতরে চাঁদাবাজ ও মামলাবাজদের প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ত্যাগী নেতাকর্মীদের হতাশার কথা তুলে ধরেছেন। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে গড়ে ওঠা বিএনপির অনেক ত্যাগী কর্মী আজ নিজেদের দলেই কোণঠাসা হয়ে পড়েছেন।সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় ‘শিশু পার্কে’ আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।হাসনাত আব্দুল্লাহ বলেন, “বিএনপির অনেক ভাই এখন আমাদের কাছে এসে গোপনে কান্নাকাটি করেন। তারা বলেন,- ১৭ বছর ধরে নির্যাতন-নিপীড়নের মধ্যেও দলটা ধরে রাখলাম, আগাই নিলাম। কিন্তু এখন চাঁদাবাজরা এসে দলটা দখল করে নিয়েছে। ৫ আগস্টের পর মামলাবাজরাও দখল নিয়েছে।” তিনি বলেন, “যারা দীর্ঘদিন নির্যাতন সহ্য করেও গ্রামেগঞ্জে বিএনপিকে বাঁচিয়ে রেখেছেন, তারা তখন দলটির ভেতরে ইনসাফ খুঁজে পেতেন। কিন্তু ৫ আগস্টের পর দেখা গেল, যাদের গত ১৭ বছরে খোঁজ পাওয়া যায়নি, তারা হঠাৎ বসন্তের কোকিলের মতো এসে দল দখল করে নিয়েছে।”বিএনপির ত্যাগী কর্মীদের দুরবস্থার কথা তুলে ধরে তিনি আরও বলেন, “অনেকে এসে বলেন,- কার জন্য পরিশ্রম করলাম, কিসের জন্য ত্যাগ স্বীকার করলাম? এখন বাজারে গেলে লজ্জায় মাথা তুলে দাঁড়াতে পারি না। মানুষ আমাদের চাঁদাবাজের দল বলে। অথচ আমরা কেউ চাঁদাবাজি করি না।”উঠান বৈঠকে উপস্থিত শিশুদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, “তোমাদের অনেকেই ভোটার নও, তোমরা আমাকে ভোট দিতে পারবে না। কিন্তু তোমাদের বাবা-মা, চাচা-খালু ও আত্মীয়স্বজনদের বলবে- পরিবর্তনের বাংলাদেশ গড়তে হাসনাত ভাইকে শাপলা কলি প্রতীকে একটি ভোট দিতে। এটা বলতে পারবে তো? তাহলেই তোমরা আমাকে ভোট দিলে বলে গণ্য হবে।উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীরাও উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত