প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬
ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারীকে নিয়ে বিভ্রান্তি
ডেস্ক নিউজ ||
ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের এক নির্বাচনী সমাবেশে নিজেকে শহীদ ওসমান হাদির বোন পরিচয় দিয়ে বক্তব্য দেওয়া এক নারীকে ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে। শবনম খাদিজা নামে পরিচয় দেওয়া ওই নারী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় প্রার্থী নাহিদ ইসলামের পক্ষে ভোট চান।রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। সমাবেশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, বক্তব্য দেওয়া নারী হাদির বোন নন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, শহীদ ওসমান হাদি জীবদ্দশায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তার নাম রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বানও জানান তিনি। তবে হাদির আদর্শ অনুসরণে কোনো আপত্তি নেই বলেও পোস্টে উল্লেখ করা হয়। রাবেয়া ইসলাম শম্পার পোস্টটি শেয়ার করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি মন্তব্যে জানান, পরিবারের তথ্য অনুযায়ী বক্তব্য দেওয়া নারী হাদির তিন বোনের কেউ নন।এদিকে, শবনম খাদিজা নামের ওই নারীর প্রকৃত পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নির্ভরযোগ্য কোনো তথ্য জানা যায়নি। ফলে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা ও বিভ্রান্তি অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত