ডেস্ক নিউজ ||
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।রোববার (১ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, একটি বিশেষ মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়া হ্যাক করে মিথ্যা তথ্য ছড়িয়ে জামায়াতের নির্বাচনী প্রচারণাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। বিশেষ করে নারীদের বিষয়ে জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে তিনি দাবি করেন।ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর নীতিগত অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা কনটেন্ট ছড়ানো হচ্ছে। এ কারণেই দলের মূল্যবোধ ও নীতিমালা স্পষ্ট করতে তিনি বিষয়টি আবারও জনসমক্ষে তুলে ধরছেন।তিনি জানান, জামায়াতের ইশতেহার শুরু থেকেই পরিষ্কার। শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা কার্যক্রম এবং জনসেবায় নারীদের সক্রিয় ও সম্মানজনক অংশগ্রহণ নিশ্চিত করতে দলটি প্রতিশ্রুতিবদ্ধ। মেয়েদের নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা, প্রতিটি জেলায় নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান বেতন, নিরাপদ কর্মপরিবেশ, শিশু যত্ন সহায়তা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়ন, এসবই জামায়াতের অঙ্গীকারের অংশ বলে উল্লেখ করেন তিনি।জামায়াত আমীর আরও বলেন, রাজনীতি ও স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব, গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার পক্ষে দলটি সবসময় অবস্থান নিয়েছে। এগুলো কোনো নতুন বক্তব্য নয়। কয়েক মাস আগেই তিনি প্রকাশ্যে এসব নীতির কথা বলেছেন এবং গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত ‘পলিসি সামিট’-এও তা পুনর্ব্যক্ত করেছেন।তিনি স্পষ্ট করে বলেন, এসব অবস্থান কোনো গুজব বা অনলাইন চাপের প্রতিক্রিয়া নয়; বরং দীর্ঘদিনের ধারাবাহিক চিন্তা ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন।ডা. শফিকুর রহমান বলেন, তাকে যেন তার রেকর্ড, নীতি ও ইশতেহারের আলোকে বিচার করা হয়, ভিত্তিহীন প্রচারণার মাধ্যমে নয়। তিনি জানান, আগামী ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে জামায়াতের ইশতেহার প্রকাশ করা হবে, যেখানে নারীদের জন্য নিরাপদ শিক্ষা, কর্মক্ষেত্রে সমান সুযোগ, নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, শক্তিশালী আইনি সুরক্ষা, অর্থনৈতিক মর্যাদা এবং প্রকৃত নেতৃত্ব নিশ্চিত করার বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হবে।পোস্টের শেষাংশে জামায়াত আমীর বলেন, নারীর প্রতি সম্মান প্রদর্শনই একটি এগিয়ে যাওয়া বাংলাদেশের পরিচয়। সেই বাংলাদেশ গড়তেই জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত