তানজিদ শুভ্র, ক্যাম্পাস প্রতিনিধি ||
আজ ১ ফেব্রুয়ারি। পঞ্জিকার পাতায় শীতের বিদায়লগ্নে আজ কথাশিল্পী ও সাংবাদিক সালাহ উদ্দিন মাহমুদের জন্মদিন। ১৯৮৮ সালের এই দিনে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের নিভৃত পল্লী উত্তর উড়ার চরে জন্মগ্রহণ করেন তিনি।লেখালেখির ভুবনে সালাহ উদ্দিন মাহমুদ মূলত ছোটগল্পকার হিসেবেই পরিচিত ও সমাদৃত। তবে সৃজনশীলতার কোনো নির্দিষ্ট গণ্ডিতে তিনি নিজেকে আটকে রাখেননি। ছোটগল্পের পাশাপাশি কবিতা, প্রবন্ধ, নাটক, কলাম, শিশুসাহিত্য ও সাহিত্য সমালোচনায় তার কলম সমান সচল। এখন পর্যন্ত প্রকাশিত তার বইয়ের সংখ্যা ১৬টি, যা তার সাহিত্যিক উর্বরতারই সাক্ষ্য দেয়।সৃজনশীল সাহিত্যচর্চার সমান্তরালে পেশা হিসেবে তিনি বেছে নিয়েছেন সাংবাদিকতাকে। ২০০৭ সালে ‘দৈনিক দেশবাংলা’র মাধ্যমে সংবাদকর্মে তার হাতেখড়ি। এরপর দেড় যুগেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি যুক্ত ছিলেন দৈনিক সকালের খবর, বাংলাবাজার পত্রিকা, করতোয়া, সাপ্তাহিক বিশ্লেষণ, দৈনিক সুবর্ণগ্রাম এবং ব্রেকিংনিউজ-এর মতো গণমাধ্যমে। পাশাপাশি ফিচার লেখক হিসেবে নিয়মিত অবদান রেখেছেন কালের কণ্ঠ, যুগান্তর, সমকাল, যায়যায়দিন ও মানবকণ্ঠের মতো দেশের শীর্ষস্থানীয় দৈনিকে।পেশাগত জীবনে বর্তমানে তিনি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘জাগোনিউজ২৪.কম’-এর সিনিয়র সহ-সম্পাদক (ফিচার ইনচার্জ) হিসেবে কর্মরত। এছাড়া তিনি লিটলম্যাগ ‘রচয়িতা’র সহকারী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শিল্প-সাহিত্য ও চিন্তার ওয়েবম্যাগ ‘চিন্তাসূত্র’-এর সহযোগী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ সালাহ উদ্দিন মাহমুদ অর্জন করেছেন একাধিক সম্মাননা। এর মধ্যে সুনীল সাহিত্য পুরস্কার, সাহিত্য দিগন্ত পুরস্কার, এসবিএসপি সাহিত্য পুরস্কার, এসইএল লেখক সম্মাননা, লেখকবাড়ি পুরস্কার ও কালকিনি প্রেসক্লাব সম্মাননা অন্যতম।জন্মদিনে এই সৃজনশীল কলমযোদ্ধার প্রতি রইল অশেষ শুভকামনা। তার লেখনী বাংলা সাহিত্য ও সাংবাদিকতাকে আরও সমৃদ্ধ করুক—এটাই প্রত্যাশা।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত