ডেস্ক নিউজ ||
দীর্ঘ ১৪ বছরের বিরতির পর আবারও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে করাচির উদ্দেশে উড়বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম সরাসরি ফ্লাইট।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সাফিকুর রহমান জানান, ১৬২ আসনের এই উদ্বোধনী ফ্লাইটটি বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে যাবে এবং এর সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। টানা প্রায় তিন ঘণ্টার ফ্লাইট শেষে বিমানটি করাচিতে অবতরণ করবে।বিমানসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০১২ সালে ঢাকা–করাচি রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই রুট পুনরায় চালুর বিষয়টি আলোচনায় আসে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এই রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়। প্রাথমিকভাবে এই অনুমোদন ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনায় অনুমোদন নবায়ন করা হতে পারে।নতুন অনুমতির আওতায় বাংলাদেশি এয়ারলাইন্স নির্ধারিত ও অনুমোদিত রুট ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে পারবে। তবে পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, বিমান বাংলাদেশকে নির্ধারিত রুট কঠোরভাবে অনুসরণ করতে হবে।এছাড়া করাচি বিমানবন্দরে বিমান বাংলাদেশকে একটি নির্দিষ্ট স্লট বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ফ্লাইট পরিচালনার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটসংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে হবে। একই সঙ্গে অপারেশনাল সমন্বয় এবং নিরাপত্তা সংক্রান্ত সব নিয়ম মেনে চলার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
বিমান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তারা মনে করছেন, ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল ও যোগাযোগ আরও সহজ হবে এবং এটি উভয় দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত