ডেস্ক নিউজ ||
সারাদেশে নির্বাচনী কার্যক্রম চলাকালে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেতাকর্মীদের হেনস্তা, হামলা ও বাধা দেওয়ার অভিযোগে আগামী ৩১ জানুয়ারি রাজধানীতে নারী সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, ওইদিন সকাল সাড়ে ১০টা থেকে প্রতিবাদ সমাবেশ শুরু হবে।ডা. তাহের বলেন, এটি একটি ব্যতিক্রমী পরিস্থিতি, যেখানে জামায়াতের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে সমাবেশ করতে নামছেন। তার দাবি, দেশের বিভিন্ন এলাকায় জামায়াতের নারী কর্মীদের লক্ষ্য করে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে।সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, যারা নারী স্বাধীনতার কথা বলে, তারাই আজ নারীদের ওপর নিপীড়ন চালাচ্ছে। বিরোধী পক্ষ আশঙ্কা করছে, দেশের নারীরা জামায়াতকে ভোট দিতে পারে বলেই এ ধরনের হামলার ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন তিনি।তিনি সতর্ক করে বলেন, নারী সমাবেশের পরও যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে মূল দল এবং ১১ দলীয় জোটের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।নির্বাচন প্রসঙ্গে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব শুধু সরকারের নয়, রাজনৈতিক দলগুলোরও রয়েছে। জোর করে ক্ষমতা দখলের চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত