নাঈম আল আরাফ , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||
যুক্তি, মনন ও মুক্তচিন্তার চর্চায় জাতীয় বিতর্ক মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ডিবেটিং ক্লাব (আইইআরডিসি) আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আন্তঃবিশ্ববিদ্যালয় পর্বে চ্যাম্পিয়ন হয়েছে ডিবেটর্স অব চিটাগং ইউনিভার্সিটি, আর রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের মিলনায়তনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।এ প্রতিযোগিতায় আন্তঃস্কুল, আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয়। এই তিনটি স্তরে বিতর্ক অনুষ্ঠিত হয়। আন্তঃস্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়, রানার্সআপ হয় চট্টগ্রাম আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়। অপরদিকে আন্তঃকলেজ পর্যায়ে বিজয়ী হয় হাজেরা তজু ডিগ্রি কলেজ, আর দ্বিতীয় স্থান অধিকার করে বাকলিয়া সরকারি কলেজ।আইইআরডিসি সূত্র জানায়, এশিয়ান পার্লামেন্টারি বাংলা ফরম্যাটে আয়োজিত এ প্রতিযোগিতায় আন্তঃস্কুল ও কলেজ পর্যায়ে মোট ১৪টি দল এবং আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের ২০টি দল অংশগ্রহণ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সেরা বিতার্কিকরা এতে অংশ নেন।আয়োজন প্রসঙ্গে আইইআরডিসির সাংগঠনিক সম্পাদক ও চাকসুর সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান বলেন, “একটি ডিপার্টমেন্টাল ক্লাব হয়েও জাতীয় পর্যায়ের এমন একটি আয়োজন সম্পন্ন করতে পারা আমাদের জন্য গর্বের। এটি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগভিত্তিক ক্লাবগুলোর জন্যও একটি ইতিবাচক বার্তা।”পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন,“প্লেটোর ‘রিপাবলিক’-এর আলোকে থিসিস ও অ্যান্টি-থিসিসের ধারাবাহিক অনুশীলন শিক্ষার্থীদের মননশীলতা বাড়ায়। বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক পরিপক্বতা তৈরি করে এবং বিষয়কে বহুমাত্রিকভাবে দেখার সক্ষমতা গড়ে তোলে। বিতর্ক হোক মুক্তচিন্তা ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা।” বিশেষ অতিথির বক্তব্যে চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব বলেন,“বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তির পক্ষে ও বিপক্ষে উভয় দিক স্পষ্টভাবে অনুধাবন করতে শেখে। এটি কেবল একাডেমিক নয়, নৈতিক ও সাংস্কৃতিক মূল্যবোধ গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”সমাপনী বক্তব্যে আইইআরডিসির উপদেষ্টা ও শিক্ষা ও গবেষণা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আমির উদ্দিন বলেন, “ভালো বিতার্কিক হওয়ার চেয়েও ভালো মানুষ হওয়াটা বেশি জরুরি। এমন একটি সুন্দর আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য আয়োজকদের ধন্যবাদ।”সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, সমুদ্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোছলেম উদ্দিন, চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম এবং সহ-সম্পাদক জিহাদ হোসেইন।উল্লেখ্য, গত শুক্রবার (২৩ জানুয়ারি) প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়। দুই দিনের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত