ডেস্ক নিউজ ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোখলেছুর রহমান শামীম স্বেচ্ছায় তার সব দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ ওঠার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ছড়িয়ে পড়ার মধ্যেই বিপিএলের দ্বাদশ আসরের ফাইনাল চলাকালীন সময় দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন শামীম।শুক্রবার (২৩ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, বিসিবির পরিচালক পদসহ অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে তার সব দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন। ফিক্সিংয়ের অভিযোগের একটি স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।ফেসবুক পোস্টে মোখলেছুর রহমান শামীম লেখেন, সাম্প্রতিক অভিযোগের কারণে দায়িত্বে থাকা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, এমন কোনো পরিস্থিতি তিনি চান না। তাই নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন, যা কোনোভাবেই দায় স্বীকার নয়। বরং দেশের ক্রিকেট ও বোর্ডের মর্যাদা রক্ষার অংশ হিসেবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে সিদ্ধান্তটি কষ্টের হলেও দেশের ক্রিকেটের সুনাম তার কাছে সর্বাগ্রে। একই সঙ্গে তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে, এমন বিশ্বাস তার রয়েছে এবং তিনি সবসময় বাংলাদেশের ক্রিকেটের পাশে ছিলেন ও থাকবেন।এর আগে ফ্রিল্যান্স ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনে মোখলেছুর রহমান শামীমের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলা হয়। ওই ভিডিওতে একাধিক কল রেকর্ড প্রকাশ করা হয়, যেখানে ফিক্সিংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার আলামত রয়েছে বলে দাবি করা হয়।প্রতিবেদনে বলা হয়, চলতি বিপিএলের সিলেট পর্বে নোয়াখালী এক্সপ্রেসের একটি ম্যাচে ফিক্সিংয়ের সঙ্গে শামীম জড়িত ছিলেন। অভিযোগ অনুযায়ী, সিলেটের নূরজাহান হোটেলে ফিক্সিং সংশ্লিষ্ট ব্যক্তিদের একত্র করা হতো এবং পরিকল্পনা, অর্থ লেনদেনসহ বিভিন্ন বিষয় সেখান থেকেই নিয়ন্ত্রিত হতো। এ সংক্রান্ত আগাম অর্থ পরিশোধের কল রেকর্ডও প্রকাশ করা হয়েছে বলে জানান ওই সাংবাদিক।নোয়াখালী এক্সপ্রেস দলের সঙ্গে সংশ্লিষ্ট তৌহিদ হোসেন ও ইমরান হাসানের বিরুদ্ধেও ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। পরবর্তীতে বিসিবির নির্দেশে তাদের দল থেকে সরিয়ে দেওয়া হয়। তবে অভিযোগে বলা হয়, এরপরও অন্য ব্যক্তিদের মাধ্যমে প্রভাব বজায় রাখার চেষ্টা করা হয়েছিল।উল্লেখ্য, সর্বশেষ বিসিবি নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে পরিচালক হন মোখলেছুর রহমান শামীম। পরে তাকে বিসিবির অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। চলতি বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস লিগ পর্বে ষষ্ঠ স্থান অর্জন করে সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত