ডেস্ক নিউজ ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থী। নির্বাচন কমিশন (ইসি) সারা দেশের ২৯৮টি সংসদীয় আসনের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।ইসি সূত্র জানায়, চূড়ান্ত তালিকায় নিবন্ধিত ৫১টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী রয়েছেন ১ হাজার ৭৩২ জন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন আরও ২৪৯ জন।বুধবার দিবাগত রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেন।ইসির দেওয়া তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বাধিক ২৮৮টি আসনে প্রার্থী দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৩টি আসনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে।অন্যান্য দলের মধ্যে জাতীয় পার্টি ১৯২টি আসনে, গণঅধিকার পরিষদ ৯০টি আসনে, বাংলাদেশ খেলাফত মজলিস ৩৪টি আসনে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩২টি আসনে এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩০টি আসনে প্রার্থী দিয়েছে।এদিকে ইসি জানিয়েছে, যদিও বর্তমানে ২৯৮টি আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে, তবে পাবনা-১ ও পাবনা-২ আসনের জন্য নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। ফলে ওই দুই আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা আগামী ২৭ জানুয়ারির পর প্রকাশ করা হবে।আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০টি সংসদীয় আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন করা হবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সেই অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত