অনিরুদ্ধ সাজ্জাদ, ক্যাম্পাস প্রতিনিধি ||
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (নাকসু) নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ‘নজরুল ভাস্কর্য’-এর সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে প্রশাসনের বিরুদ্ধে নির্বাচন নিয়ে ‘ইচ্ছাকৃত দীর্ঘসূত্রতা’র অভিযোগ তোলা হয়।মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আন্দোলন ও দাবি জানিয়ে আসা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নাকসু নির্বাচন আয়োজনে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। নির্বাচনের মূল কাজ বাদ দিয়ে কেবল গঠনতন্ত্র প্রণয়নের নাম করে প্রশাসন সময়ক্ষেপণ করছে।সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা মনে করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিকল্পিতভাবে নাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে।’ এ সময় তাঁরা অন্য একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, আজ ‘শাকসু’ নির্বাচনের নির্ধারিত তারিখ থাকলেও একটি বিশেষ মহলের অবৈধ হস্তক্ষেপে তা স্থগিত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত ন্যক্কারজনক ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। নজরুল বিশ্ববিদ্যালয়েও এমন পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে দ্রুত নির্বাচনের দাবি জানান তাঁরা।মানববন্ধন থেকে শিক্ষার্থীরা তিনটি প্রধান দাবি তুলে ধরেন:১. অবিলম্বে নাকসু নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা।২. স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা।৩. শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করা।দাবি পূরণ না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার পর গঠনতন্ত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও নির্বাচনের দিনক্ষণ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট ঘোষণা আসেনি। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত