নাঈম আল আরাফ , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||
তরুণ উদ্যোক্তাদের কার্যকর দিকনির্দেশনা, মেন্টরশিপ ও বাস্তব সুযোগের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী এন্টারপ্রেনারস এক্সপো–২০২৬।আগামী ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে চবি এন্টারপ্রেনারস অ্যান্ড স্টার্টআপ সোসাইটি (সিইউইএসএস)-এর আয়োজনে এ এক্সপো অনুষ্ঠিত হবে।সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় চবি সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিইউইএসএসের সভাপতি মুশফিকুর রহমান হৃদয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাহিব আব্বাস বাহার চৌধুরী, সহ-সভাপতি ফাতিমা আফরোজ এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইশরাখ পারভেজ।সংবাদ সম্মেলনে জানানো হয়, এক্সপোতে মোট ৪৫টি স্টল থাকবে। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের পাশাপাশি চট্টগ্রাম শহরের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজের উদ্যোক্তারাও অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।সংগঠনটি জানায়, এটি কোনো প্রচলিত স্টলভিত্তিক মেলা নয়; বরং নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য একটি পূর্ণাঙ্গ লঞ্চপ্যাড। এখানে উদ্ভাবনী আইডিয়াগুলো বাস্তব ব্যবসায় রূপ নেওয়ার পাশাপাশি প্রাথমিক উদ্যোগগুলো টেকসইভাবে বড় হয়ে ওঠার কার্যকর দিকনির্দেশনা পাবে।এক্সপোর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দেশের অভিজ্ঞ ও দায়িত্বশীল বিনিয়োগকারীদের অংশগ্রহণে সরাসরি নেটওয়ার্কিং ও বিনিয়োগের সুযোগ, মেন্টরশিপ জোন এবং একটি শক্তিশালী উদ্যোক্তা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম।সংবাদ সম্মেলনে সিইউইএসএসের সভাপতি মুশফিকুর রহমান হৃদয় বলেন,“এন্টারপ্রেনারস এক্সপো ২০২৬-এর লক্ষ্য একটিইকোনো সম্ভাবনাময় আইডিয়া যেন সঠিক দিকনির্দেশনা, সুযোগ ও মেন্টরশিপের অভাবে হারিয়ে না যায়। সঠিক সমর্থন পেলে বাংলাদেশের তরুণ উদ্যোক্তারাই বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে সক্ষম, এই বিশ্বাসকে বাস্তবে রূপ দেওয়ার একটি সুদৃঢ় পদক্ষেপই হলো এ উদ্যোগ।”তিনি আরও বলেন,“আয়োজনটি তরুণ উদ্যোক্তাদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি দেশব্যাপী আরও বৃদ্ধি পাবে।”
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত