ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনে জমা দেওয়া মনোনয়নপত্রের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) ফেনী জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের নেতৃত্বে ৩টি আসনে দায়েরকৃত ৩৫টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২২ জনের মনোনয়নপত্র বৈধ ও ১২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এসময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফেনী-১ আসনে তার মনোনয়নপত্রটি স্থগিত করা হয়। এছাড়া ফেনী-১ আসনে ৩ জন, ফেনী-২ আসনে ৫ জন এবং ফেনী-৩ আসনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকি ২২ জনের প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
প্রার্থীতা বৈধ হওয়ায় ফেনী-১ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, ফেনী-৩ আসনে বিএনপি'র ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেন, ফেনীর ৩টি আসনে ৩৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। তার মধ্যে যাচাই-বাছাই শেষে ২২ জনের মনোনয়নপত্র বৈধ, ১২ জনের বাতিল, খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়েছে।