ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান বলেছেন, বর্তমান শারীরিক অসুস্থতার জন্য সাবেক আওয়ামী লীগ সরকারকে দায়ী করছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
সোমবার (১ নভেম্বর) দুপুরে কসবা উপজেলার কুটি ইউনিয়ন বিএনপির সভাপতি ও কুটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মো. নজরুল ইসলাম জিতু (৭০) জানাজায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
মুশফিকুর রহমান বলেন, উনার মতো একজন দেশনেত্রীকে কোনো যথাযথ কারণ ছাড়াই জেলে রাখা হয়েছিল। রায়ে কোথাও বলা নেই যে তিনি টাকা আত্মসাৎ করেছেন। একজনের অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করাকে কি আত্মসাৎ বলা যায়? আর এ জন্য কি তাকে জেলে ভরতে হবে?
তিনি আরও বলেন, জেলেই তার শারীরিক অসুস্থতার শুরু। দীর্ঘ ১৬ বছর তিনি যথাযথ চিকিৎসকের পরামর্শ পাননি। বিদেশে চিকিৎসার জন্য যেতে চাইলে অনুমতি দেওয়া হয়নি। ফলে ধীরে ধীরে তার শারীরিক অবস্থা খারাপ হয়েছে। এর জন্য আমি মনে করি, বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিগত আওয়ামী লীগ সরকারই সম্পূর্ণ দায়ী।
খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জানিয়েছেন, আমাদের দেশনেত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আপনাদের দোয়ার বরকতে ভর্তি হওয়ার সময়ের তুলনায় কিছুটা উন্নতি হলেও তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।
জানাজা নামাজের আগে সংক্ষিপ্ত আলোচনায় মরহুমের স্মৃতিচারণ করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী মো. আতাউর রহমান সরকার, জেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াস মিয়া এবং কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ। এ সময় জামায়াতে ইসলামী, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।