বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন সংসদ নির্বাচনে প্রশাসন দখলের অভিযোগে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না– এ বিষয়ে জানাতে সাতদিন সময় দেয়া হয়েছে। সন্তোষজনক জবাব দিতে না পারলে দলীয় শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
এর আগে, গত শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে এক অনুষ্ঠানে শাহজাহান বলেন, ‘নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়... যার যার নির্বাচনী এলাকায় যারা প্রশাসনের আছে, তাদের অবশই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে।’
শাহজাহান চৌধুরীর এ বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। জামায়াত বিবৃতিতে জানায়, এই বক্তব্যকে সমর্থন করে না দল।
নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রীয় প্রশাসনের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিপন্থী। অতীতেও শাহজাহান চৌধুরীর কাছ থেকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য পাওয়া গেছে। এজন্য তাকে একাধিকবার সতর্ক করা হয়। জামায়াতের আমিরও সরাসরি দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং সতর্ক করেছিলেন। তবুও তার আচরণে পরিবর্তন না আসায় এবার আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলো।