ঢাকা জেলা প্রশাসন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা প্রদান করবে। নিহতদের পরিবারকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা দেওয়া হবে। ঢাকায় বসবাসকারী বা দুর্ঘটনায় পতিত হয়ে প্রাণ হারানো ব্যক্তিদের জন্য এই সহায়তার সুযোগ থাকবে।
গতকাল শুক্রবার (২১ নভেম্বর) রাতে ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পের ঘটনায় আহত ব্যক্তিকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হবে। সেক্ষেত্রে আহত ব্যক্তি চাইলে সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশক্রমে এ সহায়তা করা হবে।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে রাজধানী ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদী, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।
অপরদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৫।