বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভেঙেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। রবিবার রাত সাড়ে ৮টার দিকে সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে তারেক রহমানকে অ্যাম্বুল্যান্সে করে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়।
নির্বাচন কমিশনের (ইসি) দল নিবন্ধনের তালিকায় ‘আমজনতার দল’ না থাকায় ইসির প্রধান ফটকের সামনে গত মঙ্গলবার থেকে আমরণ অনশন করছিলেন তিনি।
সালাহউদ্দিন আহমদে বলেন, আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের উজ্জল নক্ষত্র। তার সঙ্গে যারা ছিলেন তাদের অনেকেই শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারেকও অনেক নির্যাতনের শিকার।
তিনি বলেন, সামনের দিনে গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখতে পারে সেজন্য তারা দল নিবন্ধনের আবেদন করেছে। কিন্তু দীর্ঘ বিচার-বিবেচনার পর তাদের দলকে নিবন্ধন দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, আজ আমি তার আবেদন পুনর্বিবেচনার জন্য ইসির সঙ্গে কথা বলেছি। আমি আশা করি তার দল ন্যায়বিচার পাবে। আমি তারেককে অনুরোধ করেছি অনশন ভাঙতে, এবং তিনি আমার অনুরোধ রেখেছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন কমিশন তার দলের আপিল পুনর্বিবেচনা করবে।