ওমানে সড়ক দুর্ঘটনায় সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে। এরমধ্যে পাঁচজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বাবলু, সাহাবুদ্দিন, আমিন সাওদাগর, আরজু ও রকি। বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুকুম সিদরা এলাকার সাগর থেকে মাছ ধরে ফেরার সময় প্রবাসীদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে, এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
উল্লেখ্য, ওমান হলো বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির অন্যতম গন্তব্য। প্রচুর বাংলাদেশি সেখানে কাজ করে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর দেশটি বাংলাদেশের শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ।