মোঃ শাহিদুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী তার অভিনয়ের জন্য সবসময় প্রশংসিত হয়ে আসছেন। তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে এবং হল ভর্তি দর্শকরা তার প্রতি আকৃষ্ট হন। অভিনয়ের পাশাপাশি, তিনি সামাজিকমাধ্যমেও খুব সক্রিয়। শরীরচর্চা, ভ্রমণের ছবি, প্রতিদিনের রুচিশীল খাবার এবং পোষ্যদের সঙ্গে খুনসুটির মুহূর্তগুলো তিনি নিয়মিতভাবে তার অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন।
শনিবার (২৪ মে) ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নায়িকা। যেখানে নিজের কঠিন রোগের কথা জানিয়েছেন তিনি। অভিনেত্রীর পোস্টে একগুচ্ছ ছবির মধ্যে জায়গা পেয়েছে তার শরীরচর্চা ছবি। ওই পোস্টে অভিনেত্রী সূর্যমুখী ফুলের ছবিও ভাগ করে নিয়েছেন। সঙ্গে আছে বেরি ফল ও বাহারি খাবারের ছবিও।
মিমি এসব ছবির মধ্যে আরও একটি ছবি শেয়ার করেছেন। ওই ছবিতে দেখা যাচ্ছে, তার চোখের ওপর আইস প্যাক রাখা আছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মাইগ্রেনের তুমি কঠিনভাবে আঘাত করেছ।’ ছবিটি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, মাইগ্রেনের যন্ত্রণায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন।উল্লেখ্য, বহু বছর ধরে অভিনেত্রী মাইগ্রেনের সমস্যায় ভুগছেন। গত বছরও তিনি এক পোস্টে লিখেছিলেন, মাইগ্রেন থেকে মুক্তি পাওয়া কেবল কঠিন নয়, বরং অসম্ভব।
মাইগ্রেন মূলত একটি ক্রনিক রোগ। যা অনেক সময় বংশ পরম্পরায় হয়। আবার অতিরিক্ত টেনশন, কাজের চাপ, মানসিক চাপ, দীর্ঘক্ষণ না খেয়ে থাকা, রোদ বা ঠাণ্ডা ইত্যাদি বিভিন্ন কারণেই মাইগ্রেনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাইগ্রেনে আক্রান্ত রোগীদের তীব্র মাথাব্যথা হয়।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত