জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশ আজ দুটি ভাগে বিভক্ত হতে যাচ্ছে। একটি পক্ষ ফ্যাসিবাদের সমর্থক, অন্যটি ফ্যাসিবাদের বিরোধী। যারা সংসদে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের উচিত রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়া। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় সংসদ অধিবেশন শুরুর আগে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের প্রবেশপথে তিন দফা দাবির অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা সংসদ সদস্য রয়েছেন, তাদের উচিত রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা এবং তার অভিশংসনের জন্য দাবি তোলা।
এনসিপির তিন দফা অবস্থান কর্মসূচির দাবিগুলো হলো, সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে গণভোটে প্রকাশিত মতামত অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন করা, রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন।
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, শহিদ পরিবারের সদস্যসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে